বৃদ্ধের জন্য বেঞ্চ।
বৃদ্ধের জন্য বেঞ্চ।
কয়েক দিন আগে রাস্তার পাশে এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হাতে একটি লাঠি, মুখে ক্লান্তির ছাপ। আশপাশে বসার মতো কোনো জায়গা নেই। কিছুক্ষণ পর তিনি রাস্তার পাশের একটি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। দৃশ্যটি দেখে মনে হলো, আমাদের শহরে একজন বৃদ্ধের জন্য একটু বসার জায়গারও কত অভাব।
আমাদের শহরে পার্ক, রাস্তা, বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলে মানুষের চলাচল অনেক। কিন্তু সেখানে পর্যাপ্ত বেঞ্চ বা বসার জায়গা নেই। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য বিষয়টি বেশ কষ্টের। একটু হাঁটাহাঁটি করার পর তারা কোথায় বসবেন? বাসের অপেক্ষায় থাকলেও কোথায় বিশ্রাম নেবেন?
একটি বেঞ্চ হয়ত আমাদের কাছে খুব সাধারণ একটি বিষয়। কিন্তু একজন বৃদ্ধ মানুষের কাছে সেটি হতে পারে কয়েক মিনিটের স্বস্তি। একটি বেঞ্চে বসে তিনি একটু বিশ্রাম নিতে পারেন, পরিচিত কারও সঙ্গে কথা বলতে পারেন, কিংবা শুধু কিছুক্ষণ চারপাশ দেখতে পারেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, পার্ক, হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ জনস্থানে পর্যাপ্ত বেঞ্চ বসানোর ব্যবস্থা করা হোক। বেঞ্চগুলো যেন দখল হয়ে না থাকে এবং নিয়মিত পরিষ্কারও রাখা হয়। একজন বৃদ্ধের জন্য একটি বেঞ্চ-হয়তো ছোট উদ্যোগ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকতে পারে অনেকটা মানবিকতা।
লেখক: প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।